বাড়ি বাড়ি পানীয় জলের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু
দি নিউজ লায়ন ; আমতা ২ নং দপে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হল। আমতা ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর প্রথম পর্যায়ে কাশমূলি, পশ্চিম গাজীপুর ও সারদা এই তিনটি মৌজায় জল সরবরাহ করা হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বাকি মৌজায় জল পৌঁছে দেওয়া হবে।
রাজ্যের প্রতিটি মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সেইমত আমতা ২ নং ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ৪৬ টি মৌজায় পাইপ লাইন বসানোর পাশাপাশি ওভারহেড ট্যাংক নির্মাণের কাজ করছে দপ্তর। পঞ্চায়েত সমিতি সূত্রে খবর ব্লকের ৩৭ টি মৌজায় পাইপ লাইন বসানোর কাজ শেষ বাকি ৯টি মৌজায় পাইপ বসানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে।
পঞ্চায়েত সমিতি সূত্রে খবর সমস্ত মৌজায় পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গেলে ব্লকের প্রায় ৫০ হাজার পরিবার বিনামূল্যে পানীয় জল পাবে। জনসাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর প্রথম ধাপে কাশমূলি, পশ্চিম গাজীপুর সারদা এই তিনটি মৌজার বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।
এই প্রসঙ্গে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান প্রাথমিকভাবে তিনটি মৌজার বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কাজ শুরু হয়েছে। আগামী আর্থিক বছরের আগেই সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বলে জানান সুকান্ত পাল। তিনি জানান প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাওয়ার পর কয়েকটি নির্দিষ্ট জনবহুল স্থান ছাড়া বাকি জায়গায় রাস্তার পাশে থাকা ট্যাপ কল বন্ধ করে দেওয়া হবে।

Post a Comment